ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর পৌরসভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি আরসিসি সড়কের কাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র ৪ দিনের মাথায় সড়কের এই বেহাল দশায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পৌরসভার শ্রীপুর চৌরাস্তা থেকে বরমী আঞ্চলিক সড়ক পর্যন্ত ১২০ মিটার দৈর্ঘ্যের এই আরসিসি ঢালাইয়ের কাজটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান আরিয়ান এন্টারপ্রাইজ। শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন ঢালাই করা সড়কের মাঝখানে দীর্ঘ ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকির অভাব এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এমনটা ঘটেছে।
স্থানীয় ব্যবসায়ী ফজলুল হক ও সজীব জানান, সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও কাজের গুণগত মান নিশ্চিত করা হয়নি। এভাবে ফাটল ধরা সড়ক খুব দ্রুতই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। অভিযোগ উঠেছে, শ্রীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী হারুন অর রশিদের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশ রয়েছে, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
ঠিকাদার ইমদাদুল হক হজ পালনের জন্য বিদেশে থাকায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তবে পৌরসভার প্রধান প্রকৌশলী শাহেদ আকতার ও সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ দাবি করেছেন, প্রচণ্ড রোদের তাপের কারণে এই ফাটল দেখা দিয়েছে। তাঁরা দ্রুতই ‘ট্রিটমেন্ট’ বা মেরামতের মাধ্যমে এটি সমাধানের আশ্বাস দিয়েছেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঁইয়া বলেন, "বিষয়টি আমি শুনেছি। কাজের মধ্যে কোনো ত্রুটি বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ