মাদারীপুরে ৩৭ হাজার লিটার সয়াবিন জব্দ

মাদারীপুরে ৩৭ হাজার লিটার সয়াবিন জব্দ

নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮-এর সহায়তায় ধুয়াশার বাজারে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে দেখা যায়, ব্যবসায়ী বাচ্চু সরদার তাঁর বসতঘরের ভেতর সুকৌশলে একটি 'মিনি গুদাম' তৈরি করে রেখেছেন। সেখান থেকেই ড্রাম ও বোতলজাত অবস্থায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান মেলে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি জব্দকৃত তেল সোমবারের (২০ এপ্রিল) মধ্যে নির্ধারিত মূল্যে বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীর কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়।

মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, "বাজার অস্থির করে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে এই মজুত গড়ে তোলা হয়েছিল। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে আমাদের এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন