ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলায় জবানবন্দি (ডিপোজিশন) দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আদালতের তলবে দেশ ছেড়েছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১০ এপ্রিল তিনি এই জবানবন্দি প্রদান করবেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি অভ্যন্তরীণ নথি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নথি সূত্রে জানা যায়, গত ১১ মার্চ মামলার আইনজীবী ধর্মেন্দ্র নায়ার এবং ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন ইমেইলের মাধ্যমে আদালতের এই নির্দেশনার কথা জানান। ড. মনসুর ইতিমধ্যে একটি হলফনামা জমা দিয়েছেন এবং পরবর্তী ধাপ হিসেবে তাকে সশরীরে জবানবন্দি দিতে হবে। এই জবানবন্দির প্রস্তুতি নিতে গত ৬ এপ্রিল এবং আগামী ১০ এপ্রিল আইনি প্রতিষ্ঠান বিএসএনকে ও কিস্টোনের সাথে তাঁর বিশেষ বৈঠক নির্ধারিত রয়েছে।
সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর গত ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি ওয়াশিংটন ডিসি হয়ে নিউইয়র্কে পৌঁছাবেন। তাঁর এই গুরুত্বপূর্ণ সফরে বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে এবং মামলার চলমান বিষয় নিয়ে আলোচনার জন্য বিএফআইইউ-এর উপ-প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরীকেও উপস্থিত থাকতে অনুরোধ করেছেন আইনজীবীরা।
বিএফআইইউ-এর নথিতে সুপারিশ করা হয়েছে যে, ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এই সফরের বিমান ভাড়া, হোটেল ও প্রটোকলসহ যাবতীয় ব্যয় বাংলাদেশ ব্যাংক বহন করবে। ড. মনসুরকে বর্তমান গভর্নরের সমমানের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এছাড়া জবানবন্দি সংক্রান্ত আনুষঙ্গিক খরচ বাবদ ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড পরিশোধের জন্য কিস্টোনের আইনজীবী ধর্মেন্দ্র নায়ার বিল পাঠিয়েছেন।
মামলার সংবেদনশীলতা বিবেচনা করে এই সফর সংক্রান্ত কোনো দাপ্তরিক আদেশ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ না করার সুপারিশ করা হয়েছে। তবে বিষয়টি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত রাখা হবে। আগামী ১২ এপ্রিল ড. আহসান এইচ মনসুরের দেশে ফেরার কথা রয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ