জামালপুরে শিশু ধর্ষণের দায়ে কিশোরের ১০ বছরের আটকাদেশ

জামালপুরে শিশু ধর্ষণের দায়ে কিশোরের ১০ বছরের আটকাদেশ

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে বিপ্লব মিয়া বিশু নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে ৫ বছর বয়সী ওই শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিপ্লব মিয়া বিশু শিশুটিকে একটি নির্জন ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে তার বাবা-মাসহ স্থানীয়রা এগিয়ে এলে বিশু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত শিশুটিকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন শিশুর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ বিশুকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অভিযুক্ত বিশু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান: "আদালতে মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় এবং আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিচারক তাকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেছেন। আসামি বর্তমানে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) রয়েছে।"

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর পরিবার। তারা মনে করেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন