ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সরকারি অ্যাম্বুল্যান্সে করে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।"
ওসি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে দায়িত্ব দেওয়া হবে। পুলিশ নিহতের স্বজনদের খুঁজে পেতে এলাকায় বার্তা পাঠিয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ