মোরেলগঞ্জে মহাসড়ক সংস্কারে অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী

মোরেলগঞ্জে মহাসড়ক সংস্কারে অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী

মো. আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ নব্বইরশী বাসস্ট্যান্ড এলাকায় কার্পেটিং তুলে সেখানে ইটের সলিং (এইচবিবি) দিয়ে রাস্তা সংস্কার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একে 'দায়সারা সংস্কার' আখ্যা দিয়ে ধুলোবালির দূষণে অতিষ্ঠ জনজীবন এখন চরম স্বাস্থ্যঝুঁকিতে।

সড়ক পরিবহন ও সেতু বিভাগের অধীনে নব্বইরশী বাসস্ট্যান্ডের প্রায় ৫০০ মিটার রাস্তা কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। কিন্তু সংস্কারের সময় সেখানে পুনরায় কার্পেটিং না করে ইট বিছিয়ে দেওয়া হয়েছে। আঞ্চলিক এই মহাসড়কের বাকি অংশ কার্পেটিং থাকলেও জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় ইটের সলিং করায় বিস্ময় প্রকাশ করেছেন পথচারী ও বাসিন্দারা।

মোরেলগঞ্জ-শরণখোলার কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। ইটের ওপর দিয়ে যানবাহন চলাচলের ফলে সৃষ্ট অতিরিক্ত ধুলোবালিতে পুরো এলাকা অন্ধকার হয়ে থাকে। সড়কের পাশেই অবস্থিত মোরেলগঞ্জ পৌর কাঁচা বাজার, মডেল মসজিদ, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, অস্থায়ী সেনা ক্যাম্প এবং দূরপাল্লার বাসস্ট্যান্ড। ধুলার কারণে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। মুখে মাস্ক বা রুমাল ব্যবহার করেও মিলছে না প্রতিকার।

ভুক্তভোগী বাসিন্দারা জানান, "সড়ক বিভাগ কার্পেটিং তুলে ইট বিছিয়ে দেওয়ায় আমরা অতিষ্ঠ। ব্যবসা প্রতিষ্ঠানে বসা যাচ্ছে না, সাধারণ মানুষ ধুলোয় মেখে যাচ্ছে। আমরা চাই দ্রুত রাস্তাটি পুনরায় কার্পেটিং করা হোক।" টেকসই সংস্কারের নামে ইটের ব্যবহার নিয়ে স্থানীয়দের মনে নানা সংশয় ও নেতিবাচক প্রভাব পড়েছে।

এ বিষয়ে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন:

"আঞ্চলিক মহাসড়কের ওই অংশটুকু নিচু হওয়ার কারণে সেখানে এইচবিবি (ইট সলিং) করা হয়েছে। তবে ধুলোবালির সমস্যার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং এর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়দের দাবি, জনস্বার্থ বিবেচনায় দ্রুত ইটের সলিং তুলে আধুনিক কার্পেটিংয়ের মাধ্যমে সড়কটি চলাচলের উপযোগী করা হোক।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন