ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খেলা ডেস্ক: এশিয়ান গেমস বাছাই হকিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে এগিয়ে গেছে আশিকুজ্জমানের দল। থাইল্যান্ডের ব্যাংককে আজ ম্যাচের চার মিনিটে লি চি শুয়ানের গোলে চাইনিজ তাইপে শুরুতে এগিয়ে গেলেও বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরে আসে। এক গোলে পিছিয়ে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা টানা চারটি গোল করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। বিশেষত্ব হলো, বাংলাদেশের চারটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে।
ম্যাচের ১৫ ও ২২ মিনিটে আশরাফুল ইসলাম জোড়া গোল উপহার দেন। এরপর ৩৪ মিনিটে আমিরুল ইসলাম ও ৫৯ মিনিটে দ্বীন ইসলাম ইমন আরও দুই গোল করে চাইনিজ তাইপেকে ব্যাকফুটে ফেলে দেন। তবে শেষ দুই মিনিটে দুটি গোল পরিশোধ করে চমক সৃষ্টি করে চাইনিজ তাইপে। বাংলাদেশের জয় ছিনিয়ে নেওয়ার উপক্রম হলেও শেষ পর্যন্ত তা হতে দেয়নি তারা; ম্যাচ জিতেই টার্ফ ছেড়েছে লাল-সবুজের দল।
এই আসরের বাছাইপর্বের শীর্ষ চারটি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পাবে। টুর্নামেন্টে বাংলাদেশ 'পুল বি'-তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ছাড়াও শ্রীলঙ্কা ও উজবেকিস্তান। উল্লেখ্য, এই টুর্নামেন্টটি ওমানের মাসকাটে হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভেন্যু বদলে সেটি এখন ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ