ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর থাকা অঘোষিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বিনোদন বা খেলার সঙ্গে রাজনীতিকে মেশাতে চায় না সরকার। ফলে আসন্ন আইপিএল মৌসুমে বাংলাদেশে স্টার স্পোর্টস বা দেশীয় কোনো চ্যানেলে খেলা দেখাতে আর কোনো আইনি বাধা থাকছে না।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ ও ‘ডয়চে ভেলে’র প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “আইপিএল সম্প্রচারের আবেদন কেউ আমাদের কাছে করলে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব। আমরা একে বাণিজ্যিক প্রেক্ষাপটে দেখতে চাই।” স্টার স্পোর্টস সম্প্রচার করতে পারবে কি না—এমন প্রশ্নে তিনি জানান, সরকার কাউকে নিষিদ্ধ করবে না এবং কোনো কিছু জোর করে চাপিয়ে দেবে না।
এর আগে বিসিসিআইয়ের নির্দেশনায় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার আইপিএল সম্প্রচার বন্ধের মৌখিক নির্দেশনা দিয়েছিল। তবে বর্তমান সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বিষয়টি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে, কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সেক্রেটারি রেজাউল করিম লাবু জানিয়েছেন, আগের সরকারের নির্দেশনার এখন আর কার্যকারিতা নেই। সরকারের পক্ষ থেকে নতুন কোনো নিষেধাজ্ঞা না থাকায় স্টার স্পোর্টস বা অন্য চ্যানেলে আইপিএল দেখাতে তারা কোনো বাধা দেবেন না।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ