ভূঁইফোড় সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ময়মনসিংহে তথ্য প্রতিমন্ত্রী

ভূঁইফোড় সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ময়মনসিংহে তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: নিবন্ধনবিহীন বা ভূঁইফোড় সংবাদপত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। 

সোমবার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী জানান, অপসাংবাদিকতা রোধে সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

তিনি বলেন, “গণমাধ্যমের নামে যারা অপপ্রচার চালায় বা নিবন্ধনহীনভাবে কার্যক্রম পরিচালনা করে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর।”

সভায় তথ্য প্রতিমন্ত্রী প্রশাসনকে জেলায় বিভিন্ন অপরাধ দমনে সুনির্দিষ্ট নির্দেশনা দেন:

  • অপরাধ দমন: জুয়া, মাদক ও কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ।

  • দখল ও উচ্ছেদ: অবৈধ পার্কিং বন্ধ এবং অবৈধভাবে দখল করা জায়গা ও দোকান উচ্ছেদে কঠোর হওয়ার তাগিদ।

  • অবৈধ অস্ত্র: জেলায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ।

  • জ্বালানি সংকট: কোনো পেট্রোল পাম্প যদি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।

সভায় উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য ম ইকবাল হোসাইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলেন,

“আইনশৃঙ্খলার মূল কাজ আপনাদেরই (পুলিশ ও প্রশাসন) করতে হবে। আমরা রাজনৈতিকভাবে জনসচেতনতা তৈরি করতে পারি, কিন্তু অপরাধী ধরার দায়িত্ব আপনাদের। আমি আশা করব আপনারা আজ থেকেই কঠোর হবেন, কোনো ছাড় দেবেন না।”

ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১), মুহাম্মাদ উল্লাহ (ময়মনসিংহ-২), আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ-৪), জাকির হোসেন বাবলু (ময়মনসিংহ-৫), কামরুল হাসান মিলন (ময়মনসিংহ-৬) এবং আক্তারুজ্জামান বাচ্চু (ময়মনসিংহ-১০), পুলিশ সুপার মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী ও একেএম মাহাবুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন