গুম হওয়া ও ফিরে আসা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে?: এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

গুম হওয়া ও ফিরে আসা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে?: এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

ফেনী প্রতিনিধি: জুলাই বিপ্লবের অঙ্গীকার ও সংস্কার প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, "গুম করা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? আমাদের গুরুত্বপূর্ণ সঙ্গী সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়া কি সংবিধান অনুসারে হয়েছিল?"

সোমবার (৯ মার্চ ) দুপুরে ফেনীর 'কিং অব ফেনী' কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 মঞ্জু প্রশ্ন তোলেন, "সংবিধানের কোন অনুচ্ছেদের বলে তারেক রহমানকে দেশান্তরিত করা হয়েছে? সংবিধানে গুম নেই, তাহলে কোন অনুচ্ছেদে আপনারা ফিরে এসেছেন বা জেল থেকে মুক্তি পেয়েছেন?" তিনি অভিযোগ করেন যে, বিগত শাসনামলে আইনের ঊর্ধ্বে গিয়ে দমন-পীড়ন চালানো হয়েছে।

তিনি বলেন, "আমরা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছি এবং অঙ্গীকার করেছি যে এটি নিয়ে কোনো আদালতে চ্যালেঞ্জ করা হবে না। কিন্তু বর্তমানে এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং এর পেছনে বিএনপির কিছু নেতার ভূমিকা রয়েছে।"

জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমানে একটি শঙ্কা তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বর্তমান সংস্কার প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এবি পার্টি ফেনী শাখার আহ্বায়ক মাস্টার আহসানউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন:

  • শাহ আলম বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।

  • ফজলুল হক, সদস্য সচিব, জেলা শাখা।

বক্তারা জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে এবং রাজনৈতিক সংস্কার ত্বরান্বিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার পাশাপাশি সতর্ক দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন