জিরায় ভেজাল: মসলার গোডাউনে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

জিরায় ভেজাল: মসলার গোডাউনে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ায় জিরার সঙ্গে কম দামের ক্যারাওয়ে সিড মিশিয়ে ভেজাল মসলা বাজারজাত করার অভিযোগে একটি মসলার গোডাউনে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৯ মার্চ ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এবং র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। বগুড়ার কৃষ্ণপুর এলাকার এরুলিয়ায় অবস্থিত মো. শাহিন আলমের মসলার গোডাউনে বিভিন্ন গুরুতর অনিয়ম ধরা পড়ে।

অভিযান চলাকালে কর্মকর্তারা দেখতে পান—

জিরার সঙ্গে তুলনামূলক অর্ধেক দামের ও জিরা সদৃশ 'ক্যারাওয়ে সিড' মিশিয়ে বাজারে খাঁটি জিরা হিসেবে বিক্রির জন্য মোড়কজাত করা হচ্ছিল।

আমদানিতে ‘ক্যারাওয়ে সিড’ ঘোষণা থাকলেও পলিশ মেশিনে তা পালিশ করে ভারতীয় নামী ব্র্যান্ড 'BT Diamond Jeera'-এর নকল মোড়কে প্যাকেটজাত করা হচ্ছিল।

অভিযুক্ত শাহিন আলম দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫ ও ২৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

 অভিযান চলাকালে গোডাউনে থাকা ৪২ বস্তা জিরা এবং ১৮০টির বেশি ক্যারাওয়ে সিড (১২ বস্তা খোলাসহ) জব্দ না করে বরং আমদানিতে ও মোড়কে দেওয়া ঘোষণার সাথে মিল রেখে বিক্রি নিশ্চিত করতে মসলা আমদানিকারক সমিতির সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি চৌকস টিম উপস্থিত ছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেয়।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন