ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলেও পুলিশ কোনো সহায়তা করেনি। উল্টো থানায় অভিযোগ করতে গেলে খোদ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রোষানলে পড়তে হয়েছে তাদের। এমনকি বেশি ‘বাড়াবাড়ি’ করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে এই তাণ্ডবের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের রজব আলী গং-এর সঙ্গে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার দুপুরে নবনির্বাচিত এমপির প্রভাব খাটিয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জমিতে থাকা ফলজ ও বনজ গাছ কেটে ফেলে, ঘরবাড়ি ভাঙচুর করে এবং পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হামলার সময় তারা প্রাণভয়ে বারবার ৯৯৯-এ ফোন করেন। সেখান থেকে সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হলেও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। পুলিশের এই রহস্যজনক নীরবতার সুযোগে হামলাকারীরা কয়েক ঘণ্টা ধরে এলাকায় তাণ্ডব চালায়।
ঘটনার পর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে শোনা যায়, ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা চাইলে ওসি ক্ষিপ্ত হয়ে বলেন, “বেশি বাড়াবাড়ি করলে বা বেশি কথা বললে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।” একজন পুলিশ কর্মকর্তার এমন হুমকিতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
হুমকির বিষয়টি অস্বীকার করে মান্দা থানার ওসি কেএম মাসুদ রানা মুঠোফোনে বলেন:
“ঘটনার খবর পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কাউকে হুমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়।”
তবে ভাইরাল হওয়া অডিওর সত্যতা বা ৯৯৯-এর কলের প্রেক্ষিতে ব্যবস্থা না নেওয়া প্রসঙ্গে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ন্যায়বিচারের দাবিতে তারা জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ