যশোরে নারীকে মারধরের জেরে গণপিটুনি, আহত রকি হাসপাতালে

যশোরে নারীকে মারধরের জেরে গণপিটুনি, আহত রকি হাসপাতালে

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের বড়বাজার এলাকায় এক নারীকে মারধরের অভিযোগে শাহরিয়া আলম রকি (৪৬) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ প্রহরায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শাহরিয়া আলম রকি যশোর শহরের বকচর বিহারী কলোনির মৃত দিল রেজা আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়বাজার সোনাপট্টি এলাকার ফুটপাতে গেঞ্জি বিক্রি করার সময় এক নারীর সঙ্গে রকির কথা কাটাকাটি হয়। অভিযোগ উঠেছে, ওই সময় রকি ওই নারীকে চড়-থাপ্পড় মারেন।

এই ঘটনার জেরে শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বড়বাজারের মারুয়া মন্দির এলাকার একটি দোকানে রকিকে দেখতে পান ওই নারী ও তাঁর সঙ্গীরা। এসময় ক্ষুব্ধ নারীরা তাঁকে মারধর শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়রা তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

যশোর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় রকিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।

যশোর কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী নারীর অভিযোগ এবং গণপিটুনির ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন