গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ: গুলি ও ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ: গুলি ও ককটেল বিস্ফোরণ

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে এলাকায় ব্যাপক গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৭ মার্চ) দুপুরে মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসন ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ‘খান ট্রেডিং’-এর প্রোপাইটর কৌশিক খানের অভিযোগ, ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয়ের চুক্তি অনুযায়ী শনিবার ঝুট বোঝাই করার সময় অতর্কিত হামলার শিকার হন তারা। হামলাকারীরা ঝুট বোঝাই একটি ট্রাক ছিনিয়ে নেয় এবং ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা লুট করে। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।

হামলায় সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি— বাসন থানা বিএনপি নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জন সশস্ত্র ব্যক্তি এই হামলায় অংশ নেয়। হামলাকারীদের হাতে রামদাসহ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার সময় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

“খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন