মোল্লাহাটে মহাসড়কে যুবক গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

মোল্লাহাটে মহাসড়কে যুবক গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

মাসুম বিল্লাহ, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা–খুলনা মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। 

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নুর ইসলাম মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি গুলিবিদ্ধ হন এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে আছড়ে পড়েন। গুলির শব্দ শুনে এবং তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা দ্রুত এগিয়ে আসেন।

উদ্ধারকারীরা তাকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁর শরীরের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী কারণে বা কারা এই গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব শত্রুতা নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হামলা— পুলিশ তা খতিয়ে দেখছে।

মোল্লাহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের শনাক্ত করতে মহাসড়কের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তদন্ত শুরু হয়েছে। জনবহুল মহাসড়কে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন