মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার দুর্গাবদী ইউনিয়নে মুখমণ্ডল বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের পরিচয় শনাক্তসহ এই চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় মো. বিলাল হোসেন সরদার (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত বিলাল হোসেনকে আদালতের মাধ্যমে ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দুর্গাবদী গ্রামের জনৈক জয়নার বেপারীর বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ঘাতকরা লাশের পরিচয় গোপন করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মুখমণ্ডল বিকৃত করে ফেলায় পুলিশের তদন্তের শুরুতে ব্যাপক জটিলতা সৃষ্টি হয়। 

তবে তথ্যপ্রযুক্তির সহায়তা ও নিবিড় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। নিহত সিরাজ সরদার (৫৬) মাদারীপুর সদর থানার দক্ষিণ বিরাঙ্গল এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি মাদারীপুর সদর থানায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার এহতেশামুল হক সংবাদ সম্মেলনে জানান, তদন্তের এক পর্যায়ে বিলাল হোসেন সরদারকে গ্রেপ্তার করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি আরও জানান, এই নৃশংস ঘটনার সাথে আরও তিনজন জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। ঘটনাটি সম্পূর্ণ ক্লুলেস থাকা সত্ত্বেও পুলিশের মাঠ পর্যায়ের তৎপরতা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অত্যন্ত অল্প সময়ে খুনিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে বর্তমানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন