মুন্সীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে বেদে পল্লীর দুই যুবক নিহত, আটক ৪

মুন্সীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে বেদে পল্লীর দুই যুবক নিহত, আটক ৪

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চোর সন্দেহে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। 

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। নিহতরা হলেন—স্থানীয় গোয়ালীমান্দ্রা বেদে পল্লী এলাকার মো. সাগর হোসেন (২৪) ও মো. সানারুল হাসান (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার সাতঘড়িয়া গ্রামে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন ওই দুই যুবক। এসময় উত্তেজিত গ্রামবাসী তাদের দুজনকে গণপিটুনি দেয়। গণপিটুনির একপর্যায়ে তারা চুরির কথা স্বীকার করেন বলে স্থানীয়রা দাবি করেছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গণপিটুনির সংবাদ পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের শনাক্ত করতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন