ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জামালপুর প্রতিনিধি: শিশুশ্রমের মতো সামাজিক ব্যাধি সমূলে উৎপাটন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা এই তাগিদ দেন। পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ইসলামপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান। পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা শিশুশ্রমের নেতিবাচক দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা বলেন, এসব কুপ্রথা কেবল একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশকেই বাধাগ্রস্ত করে না, বরং একটি সুস্থ সমাজ গঠন ও সার্বিক জাতীয় উন্নয়নকে অনেকখানি পিছিয়ে দেয়। এই সংকট উত্তরণে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার সেবাষ্টিন আরেং এবং পারি ইসলামপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার অঞ্জন কুমার রুরাম। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। আলোচনার শেষ পর্যায়ে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ