ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী একটি উড়োজাহাজ সরাসরি জাতীয় সড়কে অবতরণ করে সবাইকে চমকে দিয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনীর একটি সি-১৩০জে মডেলের বিশাল কার্গো প্লেন আসামের ৩৭ নম্বর জাতীয় সড়কে অবতরণ করে। তবে এটি কোনো যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনাজনিত জরুরি অবতরণ ছিল না; বরং ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি (ইএলএফ)’ হিসেবে তৈরি করা সড়কটির সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যেই এই বিশেষ মহড়া চালানো হয়।
মোরান বাইপাসের ৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই শক্তিশালী অংশটিকে প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে এটি রানওয়ে হিসেবে ব্যবহার করা যায়। এর আগে প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছিলেন, দুর্যোগ মুহূর্তে দ্রুত উদ্ধার ও ত্রাণকার্য পরিচালনায় এই সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ইএলএফটি ৪০ টন ওজনের যুদ্ধবিমান এবং সর্বোচ্চ ৭৪ টন ওজনের পরিবহন বিমান অবতরণে সক্ষম। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই রানওয়েটি সামরিক ও বেসামরিক উভয় প্রয়োজনে এবং জরুরি অবস্থায় ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে।
ভারতে ২০২১ সালে রাজস্থানের বার্মের জেলায় প্রথম এমন সুবিধা চালু হয়েছিল, তবে উত্তর-পূর্ব ভারতের কৌশলগত গুরুত্ব বিবেচনায় আসামের এই ইএলএফটি একটি বড় সংযোজন। মহাসড়কে সফল অবতরণের পর নরেন্দ্র মোদী প্রায় ৪০ মিনিট ধরে একটি বর্ণিল এয়ার শো উপভোগ করেন। সেখানে ভারতীয় বিমান বাহিনীর তেজস, সুখোই এবং রাফালের মতো শক্তিশালী যুদ্ধবিমানগুলো তাদের কসরত প্রদর্শন করে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ