বলিউডে ফের ‘আন্ডারওয়ার্ল্ড’ আতঙ্ক: রোহিত-রণবীরকে হুমকির জবানবন্দি রেকর্ড

বলিউডে ফের ‘আন্ডারওয়ার্ল্ড’ আতঙ্ক: রোহিত-রণবীরকে হুমকির জবানবন্দি রেকর্ড

বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকের দাউদ ইব্রাহিম অধ্যায়ের মতো বলিউড পাড়ায় ফের জেঁকে বসেছে গ্যাংস্টার আতঙ্ক। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অব্যাহত দৌরাত্ম্যে মুম্বাইয়ের সেলেব মহলে এখন চরম উদ্বেগ বিরাজ করছে। এই পরিস্থিতির মধ্যেই শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি ও অভিনেতা রণবীর সিংয়ের ম্যানেজারের জবানবন্দি রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। সম্প্রতি এক অডিও বার্তায় দাবি করা হয়েছিল, নির্ধারিত চাঁদা না দিলে সরাসরি তারকাদের আঘাত না করে তাদের ঘনিষ্ঠ কর্মী বা ম্যানেজারদের হত্যা করা হবে। সেই হুমকির সূত্র ধরেই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাদের বয়ান গ্রহণ করেছে। গত কয়েক দিনে রোহিত শেঠির বাড়িতে হামলা ও রণবীরের কাছে ১০ কোটি রুপি চাঁদা দাবির ঘটনায় পুরো টিনসেল টাউনের নিরাপত্তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

তদন্তের অংশ হিসেবে শনিবার পুলিশ গ্রেপ্তারকৃত চার অভিযুক্ত—স্বপ্নিল সাকাত, আদিত্য গায়কি, সিদ্ধার্থ ইয়েপুর এবং সমর্থ পোমাজিকে নিয়ে ক্রাইম সিন পুনর্নির্মাণ (রিকনস্ট্রাকশন) করেছে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা পুনে থেকে স্কুটার কিনে সড়কপথে মুম্বাই আসে এবং ভিলে পার্লে স্টেশনের কাছে সেটি পার্ক করে রোহিত শেঠির বাড়িতে হামলা চালায়। আদালতের কার্যক্রমের জন্য এই পুরো পুনর্নির্মাণ প্রক্রিয়াটি ভিডিও রেকর্ড করেছে পুলিশ। এদিকে ‘হ্যারি বক্সার’ পরিচয় দিয়ে যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, তার নেপথ্যে হরি চাঁদ নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তি বিদেশে অবস্থান করে ভিপিএন ব্যবহার করে বিষ্ণোই গ্যাংয়ের হয়ে আতঙ্ক ছড়াচ্ছে। অডিও বার্তায় দেওয়া হুমকি অনুযায়ী, তারকাদের ‘লাইনে’ আনতে তাদের পরবর্তী সাত প্রজন্ম মনে রাখবে এমন ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বলিউডে সাম্প্রতিক এই অপরাধমূলক কর্মকাণ্ডের ধারায় সালমান খান ও কপিল শর্মার পর এবার রোহিত শেঠি ও রণবীর সিংকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রোহিত শেঠির বাড়ির বারান্দা লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনার দায় ইতিমধ্যে বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক এই অপরাধী চক্রটি এখন সরাসরি তারকাদের চেয়ে তাদের আশেপাশে থাকা কর্মীদের টার্গেট করে মানসিকভাবে দুর্বল করার কৌশল নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ তারকাদের বাসভবনের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সন্দেহভাজন গতিবিধির ওপর নজরদারি রাখছে পুলিশের বিশেষ শাখা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন