নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা আর আগের মতো নেই: জার্মান চ্যান্সেলর

নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা আর আগের মতো নেই: জার্মান চ্যান্সেলর

বর্তমান বৈশ্বিক বাস্তবতায় পুরোনো ‘নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা’ আর কার্যকর নেই এবং ইউরোপ-যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। 

শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিতে গিয়ে মার্জ এ কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মার্জ বলেছেন, আমাদের স্বাধীনতা আর নিশ্চিত নয়। বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার এই যুগে ইউরোপকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

মার্জ আরও স্বীকার করেছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে। এই বিশ্বব্যবস্থা কখনও নিখুঁত ছিল না, কিন্তু এখন সেটি আগের রূপে আর নেই।

তিনি আরও জানিয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ ইউরোপীয় পারমাণবিক প্রতিরক্ষা কাঠামো গঠনের বিষয়ে গোপন আলোচনা চলছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন এবং ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে উত্তেজনা বৃদ্ধি করেছেন।

একই সঙ্গে ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকেও প্রশ্নের মুখে ফেলা হয়েছে, যা ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

মন্তব্য করুন