ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পাঠ থেকে শিক্ষা নিয়ে আজ শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা মাঠে দেখাতে চায় ইংল্যান্ড। কলকাতায় ম্যাচটি শুরু হবে বিকেল ৩:৩০ মিনিটে। সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩০ রানে হারের পর গ্রুপ পর্বে আর কোনো ভুলের সুযোগ নেই ইংল্যান্ডের সামনে। অন্যদিকে, ইতালিকে সহজে হারিয়ে স্কটল্যান্ড এই ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে নামছে। একই গ্রুপে ইতালি আবার নেপালকে বড় ব্যবধানে হারিয়েছিল, এবং সেই নেপাল ইংল্যান্ডকে কঠিন লড়াই দিয়েছে।
২০১০ ও ২০২২ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের ওই দুই আসরেই শুরুটা ধীরগতির ছিল, পরে ঘুরে দাঁড়িয়ে ট্রফি নিশ্চিত করেছিল তারা। চার বছর আগে সেমিফাইনাল ও ফাইনালে খেলা উইকেটকিপার ব্যাটার ফিল সল্ট মনে করিয়েছেন, ২০২২ সালে গ্রুপে আয়ারল্যান্ডের কাছে হারের পর কীভাবে তারা ফিরে এসেছিল। এবার সুপার এইটে উঠতে ইংল্যান্ডের জন্য স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে নিশ্চিত জয় প্রয়োজন।
সল্ট ম্যাচের আগে বলেছেন, “পেশাদার দল ও ভালো খেলোয়াড়দের পরিচয় হলো চাপের মুহূর্তে নিজেদের সেরাটা প্রদর্শন করা। ২০২২ সালে আমরা তা করেছি, এখানেও সেটাই করতে চাই। আমি আগেও বলেছি, আমাদের করণীয় খুবই সহজ। ফলাফল নিয়ে ভাবা বাদ দিতে হবে। প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে হবে এবং নিজেদের সেরাটা মাঠে আনতে হবে।”
স্কটল্যান্ডের বিপক্ষে আগের লড়াইয়ের স্মৃতিও ইংল্যান্ডের কাছে আছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বার্বাডোসে দুই দলের একমাত্র টি-টোয়েন্টি সাক্ষাতে স্কটল্যান্ড ১০ ওভারে কোনও উইকেট হারায়নি এবং ৯০ রান তুলেছিল। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। তাই সল্টরা স্কটিশ দলকে হালকাভাবে নিচ্ছে না, “ওদের বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গে আমার পরিচয় আছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের বিপক্ষে খেলেছি। তারা ভালো দল, শক্তিশালী বোলিং আক্রমণ আছে এবং দল হিসেবে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছে। এই পরিস্থিতিতে তারা আগে থেকেও ছিল, তাই লড়াইটা কঠিন হবে।”
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ