ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর সিংকে দেওয়া এক উড়ো হুমকিবার্তায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার পরিবার ও অনুরাগী মহলে। পরিচালক রোহিত শেঠির বাড়িতে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি রণবীরকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নিজেকে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি ওই ভয়েস মেসেজে রণবীরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘লাইনে না এলে ফল ভুগতে হবে’। এই হুমকি পাওয়ার পরপরই অভিনেতার মুম্বাইয়ের বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই ভয়েস মেসেজে শুধু রণবীর সিং নন, বরং তার অধীনে কাজ করা ম্যানেজার ও কর্মীদেরও লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মেসেজে বলেন, রণবীর যেন বেশি ‘উপদেশ’ দেওয়ার চেষ্টা না করেন। তার সব কর্মীর তথ্য ওই গ্যাংয়ের কাছে রয়েছে এবং রণবীর যদি তাদের কথা না শোনেন, তবে সরাসরি তাকে কিছু না বলে তার কর্মীদের ওপর আঘাত করা শুরু করা হবে। মূলত রণবীরের কর্মীদের টার্গেট করার কথা বলে তাকে মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা করছে এই চক্রটি।
হুমকিবার্তায় পরিচালক রোহিত শেঠির নামও উল্লেখ করা হয়েছে, যার কারণে বিষয়টি নিয়ে আরও গভীরভাবে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। রণবীর সিংয়ের ব্যক্তিগত নিরাপত্তা দল এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে। বলিউডে একের পর এক তারকাদের এভাবে গ্যাংস্টারদের পক্ষ থেকে হুমকি দেওয়ার ঘটনায় শোবিজ পাড়ায় উৎকণ্ঠা বাড়ছে। বর্তমানে রণবীরের বাসভবনের আশেপাশে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিনেতাকে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ