পর্দায় চুম্বন শুধুই কি অভিনয়? খোলামেলা উত্তরে পরমব্রত ও ইশা

পর্দায় চুম্বন শুধুই কি অভিনয়? খোলামেলা উত্তরে পরমব্রত ও ইশা

বিনোদন ডেস্ক: রুপালি পর্দার তারকাদের ব্যক্তিগত জীবন আর পর্দার রসায়ন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে ভালোবাসা দিবসের আবহে যখন তারকাদের প্রেমের গুঞ্জন বা পুরনো কোনো মুহূর্ত ভাইরাল হয়, তখন সেই কৌতূহল বহুগুণ বেড়ে যায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে টালিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ইশা সাহার একটি চুম্বনদৃশ্য ভাইরাল হয়েছে। এই প্রেক্ষাপটে সিনেমায় চুম্বন কি শুধুই যান্ত্রিক অভিনয় নাকি এর পেছনে কোনো অনুভূতি কাজ করে—এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন দুই তারকা। এক সাক্ষাৎকারে তারা দুজনেই জানিয়েছেন পর্দার আড়ালের সেই অজানা অভিজ্ঞতার কথা।

পরাব্রত চট্টোপাধ্যায়ের মতে, পর্দায় চুম্বনদৃশ্য করাটা পুরোপুরিভাবে পেশাদার অভিনয়ের অংশ। দীর্ঘ ক্যারিয়ারে রাইমা সেন থেকে প্রিয়াঙ্কা সরকার—অনেকের সঙ্গেই চিত্রনাট্যের প্রয়োজনে তাকে এমন দৃশ্যে অভিনয় করতে হয়েছে। পরমব্রতের কাছে কোনো একটি নির্দিষ্ট চুম্বনের অভিজ্ঞতাকে ‘স্মরণীয়’ বলাটা অহেতুক নাটকীয়তা। তবে জীবনের প্রথম পর্দার চুম্বনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ঋতুপর্ণ ঘোষের ‘দোসর’ সিনেমায় বয়সে বড় ও সিনিয়র অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই দৃশ্যে অভিনয়ের সময় তিনি বেশ নার্ভাস ছিলেন। তিনি মনে করেন, দর্শকরা পর্দায় যা দেখেন, তার পেছনে থাকে কঠোর পেশাদারিত্ব এবং টেকনিক্যাল চিন্তাভাবনা।

অন্যদিকে অভিনেত্রী ইশা সাহা পর্দার চুম্বন নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা লাজুক হাসি হাসলেও নিজের স্পষ্ট মতামত জানিয়েছেন। ইশা মনে করেন, পর্দায় দর্শকদের কাছে যা খুব ‘প্যাশনেট’ মনে হয়, বাস্তবে তা করাটা অভিনেতাদের জন্য বেশ চাপের। প্রযুক্তির নানা কারিকুরি আর লাইট-ক্যামেরার চাপে সেই মুহূর্তে অনুভূতির চেয়ে অভিনয়ের নির্ভুলতার দিকেই বেশি নজর দিতে হয়। ব্যক্তিগত জীবনের প্রথম চুম্বন নিয়ে ইশা জানান, সেটি ছিল তার কলেজজীবনে। তবে প্রথম প্রেম বা প্রথম চুম্বনের স্মৃতিই সবসময় সেরা হবে—এমন তত্ত্বে তিনি বিশ্বাসী নন। তার মতে, যে স্মৃতি মধুর সেটিই কেবল মনে থেকে যায়।

বর্তমান সময়ে প্রকাশ্যে চুম্বন নিয়ে সমাজের মিশ্র প্রতিক্রিয়া এবং বিতর্কের বিষয়েও কথা বলেছেন ইশা। কলকাতার চলন্ত মেট্রোয় যুগলের চুম্বন নিয়ে একসময় যে তোলপাড় হয়েছিল, সেই প্রসঙ্গে অভিনেত্রী জানান, কোনো অনুভূতির ওপর সবসময় লাগাম পরানো যায় না। কখন কোন পরিস্থিতিতে কোন অনুভূতি প্রকাশ্যে চলে আসবে তা বলা কঠিন। তবে ব্যক্তিগতভাবে তিনি নিজের অনুভূতিগুলোকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। পর্দার জন্য চিত্রনাট্য যেমনটা দাবি করবে তেমনটা করবেন, কিন্তু ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখাই তার কাছে শ্রেয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন