ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ
ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার (২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার আব্দুল মন্নানের ছেলে। তিনি ২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আইনি নজরদারি এড়াতে আত্মগোপনে ছিলেন।

ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান ঘটনার বিবরণ দিয়ে জানান, রাজধানী ঢাকার ধানমন্ডি থানার একটি নিয়মিত মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শুধু ঢাকাতেই নয়, তাঁর নিজ জেলা ঝালকাঠিতেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাঁকে ঢাকা থেকে ঝালকাঠিতে নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন