কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি নেতা রেজাউল করিম (৪০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজনসহ এলাকার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে নিহতের মা আফরোজা বেগম, ভাই মো. এনামুল হক, মো. ওয়াদুদ মিয়া, আব্দুল মাজেদ এবং স্থানীয় বাসিন্দা নাসির হোসেনসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা জানান, গত ১ জুন বিকেলে রেজাউল করিম উপজেলার মাগুড়া দোলাপাড়া গড়েরপাড় এলাকায় তাঁর ফুপার বাড়িতে দাওয়াত খেতে যান। সেখানে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাঁর ফুপা আমিনুরের ভাইদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ বাঁধে। ওই সময় প্রতিপক্ষরা রেজাউলকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এই হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. রাকিব ইসলাম, আসাদুজ্জামান বিটু, আব্দুল আজিজ ও আক্তারুজ্জামান এলাকায় দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর নামে ভিসা প্রতারণা এবং অবৈধ ‘থাই জুয়া’ খেলার সিন্ডিকেট চালিয়ে বিপুল পরিমাণ কালো টাকার মালিক হয়েছেন। এখন সেই অবৈধ অর্থের প্রভাব খাটিয়ে তাঁরা গ্রেপ্তার এড়িয়ে আড়ালে থাকার চেষ্টা করছেন। অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করা না হলে জেলা ও বিভাগীয় পর্যায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান এই বিষয়ে সকালবেলা-কে বলেন, “ঘটনার পর পুলিশ তৎপর রয়েছে এবং ইতোমধ্যে এজাহারনামীয় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি খুব দ্রুতই সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”
প্রসঙ্গত, নিহত রেজাউল করিম মাগুড়া দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে ছিলেন। তিনি স্থানীয় দোলাপাড়া ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এআইএল/সকালবেলা
|