পিরোজপুরে জাহাজ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ
পিরোজপুরে জাহাজ থেকে যুবকের লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় কচা নদীতে ডুবে থাকা একটি জাহাজের ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে নিখোঁজ এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

গতকাল রবিবার (১৪ জুন) রাত ৮টার দিকে উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দর সংলগ্ন নদী এলাকায় ডুবে থাকা ‘এমভি গ্রীন এসট্রল-১’ নামের একটি মালবাহী জাহাজের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের আলাল পশারীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে আব্দুল্লাহ সম্পূর্ণ নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় কচা নদীতে ডুবে থাকা ওই জাহাজটির পাশে একটি পরিত্যক্ত ডিঙ্গি নৌকায় আব্দুল্লাহর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে তাঁর মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন স্বজনেরা। এতে সন্দেহ দানা বাঁধলে তাঁর বড় ভাই রানা পশারী গত ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আব্দুল্লাহর বড় ভাই রানা পশারী সকালবেলা-কে বলেন, “তিন দিন ধরে আমার ভাই নিখোঁজ ছিল। আমরা থানায় জিডিও করেছিলাম। সে সাঁতার জানত না, কীভাবে ওই ডুবন্ত জাহাজের ভেতরে গেল তা বুঝতে পারছি না। এটি সাধারণ দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পরিষ্কার হবে।”

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে জিডি করার পর পুলিশ নিখোঁজ যুবকের সন্ধানে তদন্তে নামে। পরবর্তীতে স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডুবন্ত জাহাজের ভেতরে তল্লাশি চালাতে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে রোববার রাতে জাহাজের ভেতর থেকে আব্দুল্লাহর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন