মানিকগঞ্জে ইলিশসম্পদ উন্নয়নে জেলা সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ণ
মানিকগঞ্জে ইলিশসম্পদ উন্নয়নে জেলা সেমিনার অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ): মানিকগঞ্জের শিবালয়ে ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১৫ জুন) দুপুরে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রাণী কর্মকার।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী নিয়োগী, স্থানীয় নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম, শিবালয় থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন এবং কোস্ট গার্ড পাটুরিয়া ঘাটের সিসি ইসমাইল হোসেন।

সেমিনারে বক্তারা পদ্মা-যমুনা নদীর অববাহিকায় ইলিশের প্রজনন সুরক্ষা, জাটকা নিধন রোধ এবং মৎস্য আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নদী ও দেশের সম্পদ রক্ষায় মৎস্যজীবীদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয় এই মতবিনিময় সভায়।

অনুষ্ঠানে শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন