আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে জামায়াত প্রার্থীর আপিলের রায় ৩০ জুন

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ণ
আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে জামায়াত প্রার্থীর আপিলের রায় ৩০ জুন
আসলাম চৌধুরী। সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা এবং তাঁর সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেওয়ার সুযোগের বিষয়ে করা আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ৩০ জুন এই বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে আদালত। 

সোমবার (১৫ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের এই দিন ধার্য করেন।

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। তবে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানির শেষ দিনে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে ইসির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে একটি ব্যাংক কর্তৃপক্ষ। হাইকোর্ট সেই রিট আবেদনটি খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগের দ্বারস্থ হয়। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী।

এরই ধারাবাহিকতায় গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফলের ওপর স্থগিতাদেশ দেন। আজ উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে সর্বোচ্চ আদালত রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করে।

মন্তব্য করুন