মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুন) দুপুর ১টায় বাগময়না গ্রামের হাজী মকবুল হোসেনের বাড়ীতে এই সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং এসআই জসিম উদ্দিনের পরিচালনায় সভায় সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক কয়েস উদ্দিন মাষ্টার এবং দৈনিক খোলা কাগজের সাংবাদিক মোঃ আল আমীন প্রমুখ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “মাদক, ইভটিজিং, জুয়া, ডিজিটাল ডিভাইসের অপব্যবহার, মোবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্যবিয়ে, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজে কোনো অপরাধ দানা বাঁধার আগেই তা সমূলে উপড়ে ফেলাই এই চলমান কার্যক্রমের মূল উদ্দেশ্য।”
উক্ত সচেতনতামূলক সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থানীয় ব্যক্তিত্ব হাজী সুন্দর আলী, হাজী মকবুল হোসেন, এসআই উমর ফারুক, এএসআই নীল মিয়া, তেরা মিয়া মেম্বার, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আখলিছ মিয়া, বিএনপি নেতা জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম মন্টু, সাবেক সহ-সভাপতি সারং মিয়া, হীরা মিয়া, মাখন মিয়া, নুরুল হক, গোলাপ মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ।
এআইএল/সকালবেলা