আহমেদ লিওন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কৈডুবী রেল ক্রসিং সংলগ্ন অস্থায়ী গরুর হাটকে স্থায়ী করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে হাট চলাকালীন হাট পরিচালনা কমিটি, ক্রেতা ও বিক্রেতারা যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বক্তারা জানান, ভাঙ্গা পৌরসভার ভেতরে দীর্ঘকাল কোনো গরুর হাট ছিল না। স্থানীয়দের দাবির মুখে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ও প্রশাসনের সহযোগিতায় চলতি মে মাস থেকে এই অস্থায়ী হাটটি চালু হয়। নামমাত্র হাসিল, উন্নত নিরাপত্তা ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে হাটটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। জনস্বার্থে এই হাটটিকে স্থায়ী করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তাঁরা।
হাট কমিটি জানায়, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আগামী ২২ মে শুক্রবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিরতিহীনভাবে হাটটি চালু রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় হাটটি সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় বক্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার আহ্বান জানান।
ভাঙ্গা গরুর হাট কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহিদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ইমারত হোসেন, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, পৌর কাউন্সিলর বাকি মাতুব্বর, জাকির মুন্সী এবং ব্যবসায়ী দিদার মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ.আই.এল/সকালবেলা