পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে একাডেমির নিজস্ব মিলনায়তনে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি জনাব এস এম জিলানী। এছাড়া জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার হাবীবুল্লাহ এবং পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপকূলীয় জনগোষ্ঠীর বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করার জন্য জেলার সংশ্লিষ্ট তিনজন সংসদ সদস্যকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি আশ্বস্ত করেন যে, এই উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য করা হবে না। উপস্থিত সংসদ সদস্যগণ পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে সমন্বিতভাবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।
পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে বিস্তারিত আলোচনা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ.আই.এল/সকালবেলা