মো. নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি মিসাত শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার পূর্ব পলাশ দড়িহাওলাপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রী দোকান থেকে বাড়ি ফিরছিল। পথে প্রতিবেশী মিসাত শেখ ও তার সহযোগী মারুফ তাকে জোরপূর্বক তুলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে মিসাত শেখ তাকে ধর্ষণ করে। এসময় ছাত্রীর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্ত মিসাতকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা শাহানাজ আক্তার বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মিসাত শেখকে ১ নম্বর এবং মারুফকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে।
পলাশ থানা পুলিশ জানিয়েছে, প্রধান আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামি মারুফকে আইনের আওতায় আনতে এবং ঘটনার বিস্তারিত উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা