পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একই দল

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একই দল

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের পঞ্চম দিনের খেলা আজ মাঠে গড়িয়েছে। শেষ দিনের রোমাঞ্চ যখন মিরপুরকে ঘিরে রেখেছে, তখনই পরবর্তী টেস্ট নিয়ে বড় তথ্য সামনে এল। আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট শুরু হতে যাচ্ছে। বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্টেও অপরিবর্তিত থাকছে বাংলাদেশ দল।

প্রথম টেস্টের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পাওয়া তানজিদ হাসান তামিম ও অমিত হাসানকে রেখেই দ্বিতীয় টেস্টের পরিকল্পনা সাজানো হচ্ছে। ওপেনিংয়ে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় আশানুরূপ পারফর্ম করতে না পারলেও টিম ম্যানেজমেন্ট তাদের ওপরই আস্থা রাখছে। অন্যদিকে, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দারুণ ফর্ম এবং মিরাজ-তাইজুলদের বোলিং নৈপুণ্যে প্রথম টেস্টের দল নিয়েই সিলেটে নামার সম্ভাবনা প্রবল।

মিরপুর টেস্টে আজ শেষ দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসের লিডসহ টাইগারদের মোট লিড এখন ২৪৩ রান। পাকিস্তান শিবিরে কত বড় টার্গেট ছুঁড়ে দেওয়া যায়, এখন সেই লক্ষেই খেলছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন