জ্বালানি সংকট মোকাবিলায় মোদি: বিদেশে বিয়ে ও ভ্রমণ বাদ দেওয়ার আহ্বান

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ণ
জ্বালানি সংকট মোকাবিলায় মোদি: বিদেশে বিয়ে ও ভ্রমণ বাদ দেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। এই সংকট মোকাবিলায় এবং ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষিত রাখতে একগুচ্ছ কঠোর ও সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১১ মে) হায়দরাবাদে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, “দেশপ্রেম মানে কেবল সীমান্তে জীবন উৎসর্গ করা নয়। বর্তমান পরিস্থিতিতে দৈনন্দিন জীবনে দায়িত্বশীল হওয়া এবং দেশের প্রতি কর্তব্য পালন করাই হলো প্রকৃত দেশপ্রেম।”

জ্বালানি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে মোদির পরামর্শ:

  • কর্মক্ষেত্র: যেখানে সম্ভব সেখানে পুনরায় ‘হোম অফিস’ বা বাসা থেকে কাজ (Work From Home), অনলাইন কনফারেন্স এবং ভার্চুয়াল মিটিং শুরু করা।

  • যাতায়াত: ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো, গণপরিবহন ও কার-পুলিং ব্যবহার করা। পণ্য পরিবহনে রেলওয়েকে প্রাধান্য দেওয়া।

  • বিলাসিতা বর্জন: আগামী এক বছর জরুরি প্রয়োজন ছাড়া সোনা কেনা এবং বিদেশে গিয়ে বিয়ের অনুষ্ঠান বা ছুটি কাটানো থেকে বিরত থাকা।

  • স্বদেশি পণ্য: জুতো, ব্যাগসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে ‘মেড ইন ইন্ডিয়া’ বা স্থানীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়া।

  • কৃষি ও স্বাস্থ্য: রাসায়নিক সারের ব্যবহার ৫০ শতাংশ কমানো এবং ভোজ্যতেলের অপচয় রোধ করা।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাহিনী এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে গত দুই মাস ধরে জ্বালানি তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে আছে। ইরান এই পথ দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর টোল আরোপের ঘোষণা দিয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে। এই অবরোধের ফলে তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ভারতের মতো আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতি চাপে পড়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, ইরানের এই অবরোধের কারণে পারস্য উপসাগরে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং সেগুলোর ক্রুরা আটকা পড়েছেন। ব্রিটেন ও ফ্রান্স এই রুটের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তুতি নিলেও ইরান ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

মন্তব্য করুন