সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির সম্ভাবনা

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ণ
সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি টানা কয়েকদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্ক বার্তায় জানানো হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে আগামী ১৩ মে (বুধবার) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ১৬ মে (শনিবার) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। অধিক বৃষ্টির কারণে সিলেট বিভাগের নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরির আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। বজ্রমেঘের প্রভাবে রবিবার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে, যার মাত্রা আরও বাড়তে পারে। মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে তা ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগেও ছড়িয়ে পড়বে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হবে। তবে লঘুচাপটি আরও শক্তিশালী হবে কি না বা উপকূলের কোনো দিকে অগ্রসর হবে, তা স্পষ্ট হতে আরও অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে। আপাতত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন