ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্পের হুঁশিয়ারি

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ
ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মাটিতে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই তেহরানের হাতে যেতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, মার্কিন সামরিক বাহিনী প্রতিনিয়ত এই পারমাণবিক উপকরণের ওপর নজরদারি চালাচ্ছে এবং কেউ এর কাছে যাওয়ার চেষ্টা করলেই তাকে লক্ষ্যবস্তু করা হবে।

রোববার (১০ মে) প্রচারিত টেলিভিশন শো ‘ফুল মেজার’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা যেকোনো সময় ওই ইউরেনিয়াম সংগ্রহ করতে পারি। আমরা এর ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছি। আমি ‘স্পেস ফোর্স’ গঠন করেছি এবং তারা সব দেখছে। যদি কেউ সেখানে প্রবেশ করে, আমরা তার নাম, ঠিকানা এমনকি ব্যাজ নম্বর পর্যন্ত বলে দিতে পারব। কেউ যদি ওই জায়গার কাছাকাছি যায়, আমরা তা জানতে পারব এবং তাদের উড়িয়ে দেব।”

১০ সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের অবসান ঘটাতে চলমান যুদ্ধবিরতি আলোচনায় এই সমৃদ্ধ ইউরেনিয়াম এখন অন্যতম প্রধান বাধা। যুক্তরাষ্ট্র চায় ইরান এই ইউরেনিয়াম দেশের বাইরে পাঠিয়ে দিক এবং তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করুক। অন্যদিকে, তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ঘরোয়াভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনে মার্কিন বিমান হামলায় ধ্বংস হওয়া ইরানের পারমাণবিক স্থাপনার ধ্বংসাবশেষের নিচে এই ইউরেনিয়াম চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে তেহরান এখনও এর সঠিক অবস্থান নিশ্চিত করেনি। গত মাসে ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসার অনুমতি দিয়েছে, যা তেহরান তাৎক্ষণিকভাবে অস্বীকার করে।

গত ১৭ এপ্রিল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে বড় বড় যন্ত্রপাতি দিয়ে ওই স্থানগুলো খনন করে ইউরেনিয়াম উদ্ধারের কাজ শুরু করবে। তবে বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মন্তব্য করুন