নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং অস্বাভাবিক হারে শিশুমৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, প্রতিটি নাগরিকের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে এবং জনস্বার্থে এসব ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।
আজ শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য সচিব এসব কথা বলেন।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে। সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, "তদন্তের মাধ্যমে আমরা জানতে পারব কেন এতগুলো শিশু প্রাণ হারাল এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কোনো ঘাটতি বা গাফিলতি ছিল কি না। কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো অবহেলা থাকলে সেটিও তদন্ত প্রতিবেদনে উঠে আসবে।"
বর্তমান সরকারকে একটি জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে সচিব আশ্বস্ত করেন যে, তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করা হবে। তিনি বলেন, "সরকার জনগণের কাছে প্রতিটি বিষয়ের ব্যাখ্যা দিতে প্রস্তুত। আমরা কোনো লুকোছাপা করতে চাই না।"
গোলটেবিল বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞরা হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত শিশুদের বিশেষ যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মনে করেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের তদারকি আরও বাড়ানো প্রয়োজন।