বাবার সাথে দ্বন্দ্বে মাদ্রাসার ছাত্র হত্যা

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ণ
বাবার সাথে দ্বন্দ্বে মাদ্রাসার ছাত্র হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় অনলাইন জুয়া সংক্রান্ত বিরোধের জেরে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির ৯ বছরের শিশু পুত্র আন্দালিব সাদমান ওরফে রাফিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নূর মুহাম্মদ খোকন (২০) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাঁশাটি ইউনিয়নের জমিনপুর গ্রামের একটি টয়লেট ট্যাঙ্ক থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

নিহত রাফি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। গত শুক্রবার বেলা ১১টার পর থেকে সে নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে মুক্তাগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে জহিরুল ইসলামের সন্দেহের ভিত্তিতে পুলিশ প্রতিবেশী খোকনকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে খোকন স্বীকার করেন যে, অনলাইন জুয়ায় বাধা দেওয়া এবং টাকা সংক্রান্ত বিরোধের জেরে তিনি শিশুটিকে অপহরণের পর হত্যা করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই বাড়ির টয়লেটের ট্যাঙ্ক থেকে রাফির লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর বাবা জহিরুল ইসলাম জানান, খোকন অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়া সংক্রান্ত এক ব্যক্তির পাওনা ১ লাখ টাকা উদ্ধারে তিনি সহযোগিতা করলেও সেই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে খোকন ক্ষুব্ধ ছিল। সেই আক্রোশ থেকেই খোকন তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, অভিযুক্ত তরুণ হত্যার দায় স্বীকার করেছেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন