লালমনিরহাট প্রতিনিধি: পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং কোরবানি ঈদকে সামনে রেখে অবৈধ অনুপ্রবেশ ও গরু পাচার ঠেকাতে লালমনিরহাটের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।
শনিবার (৯ মে) পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) ও লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এই নিরাপত্তা জোরদারের তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ রোধে প্রতিটি বিওপি (BOP) থেকে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মাদক পাচার, মানবপাচার এবং গরু চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি আপসহীন। কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে টহল আরও জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর কড়া নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকতে মাইকিং করে আহ্বান জানানো হচ্ছে।
এ.আই.এল/সকালবেলা