আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালার পালারুভি এক্সপ্রেসে দাদার সঙ্গে ভ্রমণকালে ছয় বছর বয়সি এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি কেরালা রাজ্যের কোল্লামের বাসিন্দা এবং পেশায় একটি পোল্ট্রি দোকানের কর্মচারী।
শনিবার (৯ মে) আদালত তাকে ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৭ মে) ভোরে ট্রেনটি যখন কেরালা থেকে তামিলনাড়ুর দিকে যাচ্ছিল, তখন এই জঘন্য ঘটনাটি ঘটে। শিশুটি তার দাদার সঙ্গে গির্জায় তীর্থভ্রমণ শেষে তামিলনাড়ুর তেনকাসিতে নিজ বাড়িতে ফিরছিল। সাধারণ কামরার মেঝেতে দাদার পাশে শিশুটি ঘুমিয়ে ছিল। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘুমন্ত শিশুটিকে তুলে নিজের সিটে নিয়ে যায় এবং সেখানে তাকে যৌন নির্যাতন করে।
ঘটনাটি পাশেই বসা এক নারী যাত্রীর নজরে আসে। তিনি দ্রুত তার মুঠোফোনে পুরো বিষয়টি ধারণ করেন এবং চিৎকার করে অন্য যাত্রীদের সজাগ করেন। তবে ট্রেনটি তামিলনাড়ু সীমান্তে প্রবেশ করায় অভিযুক্ত ব্যক্তি কৌশলে সেনগোট্টাই স্টেশনে নেমে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে রেলওয়ে পুলিশ ওই নারীর ধারণ করা ভিডিও থেকে ছবি সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে শুক্রবার কোল্লাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন (পোকসো) এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
সূত্র: এনডিটিভি।
এ.আই.এল/সকালবেলা