যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব আজ রাতেই দিতে পারে ইরান: ট্রাম্প

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব আজ রাতেই দিতে পারে ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন শান্তি প্রস্তাবের ওপর ইরানের পক্ষ থেকে আজ শনিবার (৯ মে) রাতের মধ্যেই জবাব আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বাংলাদেশ সময় শনিবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি আজ রাতে তেহরানের কাছ থেকে একটি চিঠির প্রত্যাশা করছি। জবাব পাওয়ার পর আমরা দেখব পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায়।” তবে যুক্তরাষ্ট্রের নতুন এই প্রস্তাবে ঠিক কী কী শর্ত দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু স্পষ্ট করেননি তিনি।

গতকাল রাতে হরমুজ প্রণালিতে ইরানের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন বাহিনীর দাবি, ট্যাংকারগুলো নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এই ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধ টানা ৪০ দিন ধরে চলে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই পক্ষ একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। ২২ এপ্রিল এই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প এর মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত বৃদ্ধি করেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধানে নতুন এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এখন দেখার বিষয়, আজ রাতের চিঠিতে ইরান আলোচনার পথে হাঁটে নাকি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দেয়।

মন্তব্য করুন