হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ণ
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। 

শনিবার (৯ মে) ৫৫ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৮ মে) সকালে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। সকাল ৭টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকের ভেতরে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই এলাকায় অভিযান অব্যাহত রেখে ওইদিন রাত আনুমানিক ৮টার দিকে বিজিবি আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। এসময় কাভার্ড ভ্যানের ভেতর থেকেও বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যারা অবৈধভাবে পণ্য পরিবহন করছে, তাদের বিরুদ্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সীমান্ত এলাকায় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন