নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওমর ফারুক ওরফে শাওন সরদার নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশন থেকে গাজীপুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
আহত শাওন পেশায় একজন ফুটপাতের জুতা ব্যবসায়ী। তাঁর শ্বশুর নাহিদ হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর স্টেশন থেকে একটি ট্রেনের ছাদে ওঠেন শাওন। সেখানে ৩-৪ জন ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরলে তিনি দৌড়ে ট্রেনের কামরার ভেতরে চলে আসেন। কিন্তু যাত্রীবেশে ছিনতাইকারীরাও তাঁর পিছু পিছু কামরায় ঢোকে।
ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর ছিনতাইকারীরা শাওনের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাঁর পেটে ও মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে তাঁর কাছে থাকা নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে ওই যুবকের চিকিৎসা চলছে।
রেলপথে যাত্রী নিরাপত্তার এই অভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।