মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে পানিতে ডুবে হামীম (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হামীম উপজেলার চড়িয়াকোনা গ্রামের হুমায়ূন কবিরের ছেলে এবং কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে হামীম উপজেলা পরিষদের পুকুর পাড়ে যায়। সেখানে অসাবধানতাবশত সে পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা পরিষদের পুকুরটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও এই পুকুরে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনা রোধে পুকুরের চারপাশে দ্রুত নিরাপত্তা বেষ্টনী নির্মাণ এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ.আই.এল/সকালবেলা