ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার পাশে আছে: বিচারকদের আইনমন্ত্রী

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ
ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার পাশে আছে: বিচারকদের আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিচারকদের দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আশ্বাস দিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার এই কাজে সরকারকে সবসময় বিচারকরা পাশে পাবেন।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ পরামর্শের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা কথা সবসময় অনুসরণের চেষ্টা করা উচিত। তিনি প্রায়ই বলেন—আমাদের কাজের জায়গাটা দায়িত্ববোধের এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার; জনপ্রিয়তার নয়। তাই সব ধরনের প্রতিকূল অবস্থায় সবসময় সঠিক পথটিই বেছে নিতে হবে।’

মন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করেন যে, বিচার বিভাগে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, ‘দুর্নীতির বিষয়ে আমরা সজাগ থাকব, বিচারকদেরও সচেতন থাকতে হবে। এটি না পারলে আইনের শাসন ও মানবাধিকার রক্ষার দীর্ঘদিনের সংগ্রাম ব্যর্থ হবে। আগামী প্রজন্মের দিকে তাকিয়ে আমরা সেই ব্যর্থতার দায়ভার নিতে চাই না।’

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জেএটিআই) মহাপরিচালক অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন কমিশনের সদস্য, প্রশিক্ষণার্থী বিচারক এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন