নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে। তিনি আব্দুল্লাহপুর এলাকায় থেকে স্থানীয় মাছের আড়তে পানি সরবরাহের কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকালে আড়তের কাজ শেষে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডের একটি হোটেলে নাস্তা করেন আনোয়ার। খাওয়া শেষ করে রাস্তা পার হওয়ার সময় ‘ইসলাম পরিবহন’ নামের একটি দ্রুতগতির বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিকেল এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।