আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠন করতে যাচ্ছেন অভিনেতা সি জোসেফ থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। বিদুথালাই চিরুথাইগল কাছি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন জানানোয় বিজয়ের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা এখন ১২০-এ পৌঁছেছে। এর ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার অতিক্রম করেছে তারা।
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের পর কোনো একক দল সরকার গঠনের পর্যাপ্ত আসন না পাওয়ায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তা ভিসিকে ও আইইউএমএল-এর সমর্থনে কেটে গেছে। এই দুই দলের প্রত্যেকের দুজন করে বিধায়ক রয়েছেন। এই নতুন সমীকরণের ফলে তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো একটি জোট সরকার গঠিত হতে যাচ্ছে এবং বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই টিভিকে সদর দপ্তরে কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ভিসিকের পক্ষ থেকে রাজ্যপাল আরভি আর্লেকারকে ইতিমধ্যে সমর্থনপত্র পাঠানো হয়েছে। দলটির সভাপতি থোল থিরুমাভালাভান চিঠিতে উল্লেখ করেছেন, তামিলনাড়ুর জনগণের জন্য একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার উপহার দিতেই তারা বিজয়কে নিঃশর্ত সমর্থন দিচ্ছেন। এখন ১১৮ জনের বেশি বিধায়কের স্বাক্ষর করা সমর্থনপত্র নিয়ে বিজয় রাজ্যপালের কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন।
এ.আই.এল/সকালবেলা