সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে পাড় কাটা বন্ধে পরিচালিত অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ মে) গভীর রাতে যাদুকাটা নদী সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিমন মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, জাদুকাটা নদীতে সম্প্রতি অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে পাড় কাটা ও বালু উত্তোলনের অভিযোগ বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় গঠিত একটি টাস্কফোর্স শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। অভিযান চলাকালে ড্রেজার সংশ্লিষ্ট ব্যক্তি ও শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ শুরু করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক জানিয়েছেন, টাস্কফোর্সের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা