বিএনপি মানুষের কল্যাণে কাজ করে: হুইপ দুলু

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ণ
বিএনপি মানুষের কল্যাণে কাজ করে: হুইপ দুলু

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর সদর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। 

শুক্রবার (৮ মে) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার ৩৩০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। দুলু বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গঠন সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন যে, বিগত ১৭ বছরে নির্যাতিত হওয়া নেতাকর্মীদের পাশে বিএনপি সবসময় থাকবে।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জনগণের সেবায় দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন